ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নুরুল হক উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ভোররাতে নিজ বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন ওই কিশোরী। সে সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা নুরুল হক। ঘটনাটি কাউকে না জানাতে পরবর্তীতে ভুক্তভোগী মেয়ে ও তার মাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

ধর্ষণের এই ঘটনার পর ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার সৎ মাকে জানান। এরপর গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সৎ মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় একটি দস্যুতা মামলার গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।