রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মর্মান্তিক এক ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন, যিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রনজিনা পারভীন রাতে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশাযোগে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়।

ছিনতাইকারীর টান দেওয়ার ফলে রিকশা থেকে পড়ে গিয়ে ওই শিক্ষিকার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।