পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। কলকাতার হেস্টিংস থানায় আদালতের নির্দেশ অবমাননা, পুলিশের কাজে বাধা দেওয়া এবং নির্ধারিত সময় পার হওয়ার পরও দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগে এই মামলাটি রুজু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই সভা আয়োজনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, সভার সময় রাস্তার উত্তরমুখী লেনটি সচল রাখতে বলা হয়েছিল। তবে বাস্তবে সভার কারণে রাস্তার উভয় দিকের লেনের যান চলাচলই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

পাশাপাশি, হাইকোর্টের নির্দেশিকায় বিকেল ৩টার মধ্যে সভা শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সমাবেশ অব্যাহত রাখা হয়। আদালতের এসব নির্দেশনা অমান্য করা এবং পুলিশের কাজে বাধা সৃষ্টির প্রেক্ষিতেই কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও কর্মসূচির উদ্যোক্তাদের বিরুদ্ধে এই আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৫: ১৩আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৫: ১৮ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ।