বরুড়া হসপিটাল রোডে ফুটপাত দখল করে অবৈধ দোকান, ভোগান্তিতে রোগী ও সাধারণ মানুষ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
কুমিল্লার বরুড়া পৌর বাজারের অতীব গুরুত্বপূর্ণ হসপিটাল রোডে ফুটপাত ও সড়ক দখল করে প্রতিনিয়ত বসছে অবৈধ ভ্রাম্যমাণ দোকান। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দিনদিন এসব পসরা বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে আসা মুমূর্ষু রোগী ও সাধারণ পথচারীদের।
অভিযোগ রয়েছে, বাজার কমিটির সাধারণ সম্পাদক “আলম মোল্লার” নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের ঠিক সামনেই প্রতিদিন বসছে এসব ভাসমান দোকান। চোখের সামনে নিয়ম ভাঙার এমন দৃশ্য দেখেও বাজার কমিটি রহস্যজনক কারণে চুপ রয়েছে বলে অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসীর।
সরেজমিনে দেখা যায়, সংকীর্ণ হসপিটাল রোডটি দিয়ে প্রতিদিন দূর-দূরান্ত থেকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, সিএনজি ও অন্যান্য যানবাহন যাতায়াত করে। সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর ফলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে জরুরী সেবা নিতে আসা রোগীবাহী গাড়ি এবং বরুড়া থেকে কুমিল্লায় আসা-যাওয়ার গাড়িগুলো জ্যামে আটকে থাকতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, তারা এমনি এমনি বসছেন না। প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে এখানে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে বাজার কমিটির সদস্যরা দাবি করেন, চাঁদা আদায় বা টাকা নেওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে— ব্যবসায়ীদের কাছ থেকে সংগৃহীত প্রতিদিনের এই টাকা কার পকেটে যাচ্ছে? আর প্রশাসনিক নির্দেশ অমান্য করে সরকারি সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসায়ের নেপথ্যেই বা কারা? হসপিটাল রোডের এই নরকযন্ত্রণা ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বরুড়া উপজেলা প্রশাসন দ্রুত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।