যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁ/জা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে শিকারপুর বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

মোঃ মিলন হোসেন : যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবির অধীন শিকারপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সীমান্তের মেইন পিলার-২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুকুরপাড় এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি স্থান থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।