রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর করা হবে। একই উদ্দেশ্যে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করবে। এছাড়া, দীর্ঘমেয়াদী এই প্রকল্পের অংশ হিসেবে আগামী ৪ মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে, যা দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ ও ট্রাফিক পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পূর্বের প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সচিবালয়ের আশপাশের যানজট নিরসনে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের সম্ভাবনা যাচাই এবং বিকল্প পার্কিংয়ের স্থান অনুসন্ধানের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ETC) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টসহ পুরো প্রক্রিয়াটি আগামী ৪ মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঢাকা শহরে অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।