মহানবী (সা.)-এর আদর্শে শান্তির সমাজ গড়ার আহ্বান, PUB তে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক | CrimeWatch24BD
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আসাদ এভিনিউ ক্যাম্পাসের স্টুডেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহাম্মদ নাজমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহবুবুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা মোঃ আবুবকর সিদ্দিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ্ নুরুননবী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো: হেলাল উদ্দিন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো: রেজাউল করিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর শিক্ষা ও নৈতিক আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।