কাঁঠালিয়ায় সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে সাংবাদিকদের আটক ও লাঞ্ছিতের অভিযোগ।
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সাবেক ছাত্রলীগ সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য অপু শিকদারের বিরুদ্ধে তিন সাংবাদিককে আটক, লাঞ্ছিত এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কাঁঠালিয়া সদরে এক চিকিৎসকের নিবন্ধন ও চিকিৎসা কার্যক্রম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এক দল সাংবাদিক বাধার মুখে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের সময় তাদের কে আটক ও লাঞ্ছিত করা হয় এবং কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয়।
ঘটনাটি ২৭ শে আগস্ট বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলার সদরে ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী সাংবাদিকরা।
লাঞ্ছিত সাংবাদিকরা হলেন সাংবাদিক ইমরান মুন্সী, সাংবাদিক রাহাতুজ্জামান, সাংবাদিক মোঃ মেহেদী হাসান ।
স্থানীয় পর্যায়ে অপুর শিকদারের রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় যদি কোনো ধরনের বাধা, আটক বা লাঞ্ছনার ঘটনা ঘটে থাকে, তাহলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন ও চিকিৎসা কার্যক্রমের বৈধতাও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা উচিত।
বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার কথা জানিয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিরপেক্ষ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।