মাগুরায় কর্তব্যরত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অবশেষে মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে শুক্রবার বিকেলে মাগুরা শহরের ভায়না এলাকায় তুচ্ছ একটি ঘটনার জেরে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে থাপ্পড় মারেন নয়ন।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন, এই ঘটনার পর পুলিশ সদস্য ইমরান হোসেনকে লাঞ্ছিত করার দায়ে নয়নসহ মোট তিনজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই গ্রেপ্তারের ফলে পুলিশের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইয়ের মতো একাধিক পুরনো মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি পিটিআই পাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে কেন্দ্র করে মব তৈরি করে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে আটক নয়নের বড় ভাই ও যুবদল নেতা আব্বাস উদ্দিন দাবি করেছেন, শুক্রবার রাতেই বিএনপি নেতাদের মধ্যস্থতায় বিষয়টি থানায় মীমাংসা হয়ে গিয়েছিল। তার দাবি, শনিবার দুপুরে পুলিশ তাকে পুনরায় ডেকে নিয়ে সারাদিন বসিয়ে রাখে এবং সন্ধ্যায় নতুন করে মামলা দিয়ে গ্রেপ্তার দেখায়। নয়ন হার্টের রোগী দাবি করে তার পরিবারের পক্ষ থেকে মানবিক কারণে মুক্তির আবেদন জানানো হয়েছে।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান,শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের থাপ্পড় মারার ঘটনায় সেসহ ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।