টাঙ্গাইলে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের বিশেষ প্রতিবেদক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য রুমি আক্তার পলিকে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর কথা বলে হেনস্তা করার ঘটনায় চার দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ভুক্তভোগী সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন।

ঘটনার সূত্রপাত গত ২৪ আগস্ট (সোমবার)। রুমি আক্তার পলি জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার পথে অলোক কুমার দাস তাকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করেন। তিনি বলেন, “পরিস্থিতি উত্তপ্ত না করে ধৈর্যের সঙ্গে বিষয়টি সামাল দেই। ওই রাতেই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করি। পরদিন সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছি। কিন্তু চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি।”

অভিযোগ দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। তিনি অভিযোগ করেন, লাবু খন্দকার নামে এক ব্যক্তি তার ছবি ব্যবহার করে ফেসবুকে আপত্তিকর মন্তব্যসহ পোস্ট দিচ্ছেন। এসব পোস্টের পেছনে অলোক কুমার দাসের ইন্ধন রয়েছে বলে তার দাবি। রুমি আক্তার পলি জানান, লাবু খন্দকারের একাধিক পোস্টে অলোক কুমার দাস সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন এবং লাইক দিয়েছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে গত ২৮ আগস্ট তিনি টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা জানান, বিষয়টি সমাধানের জন্য আগামী পরশু (১ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা আহ্বান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ওই সভায় পলির বিষয়টি সমাধান হবে।