নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

উদ্ধারকাজ নিয়ে চরম সংকটের কথা জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপ ও পানির নিচে তলিয়ে থাকা মরদেহগুলো উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এই দুর্যোগে এখনো প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তালিকায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন বলে সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নেপালকে মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চীনে গত বুধবার শুরু হওয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে বলে রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে।