বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে নির্মাণাধীন একটি ড্রেনের মাটি খনন করার সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এই গুলিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সিটি করপোরেশনের একটি মাস্টার ড্রেন নির্মাণের জন্য রোববার সকালে শ্রমিকরা সেখানে মাটি কাটার কাজ করছিলেন। খননকাজ চলার একপর্যায়ে ড্রেনের দক্ষিণ পাশের দেয়ালে মাটির নিচে ধাতব একটি বস্তু দেখতে পান এক শ্রমিক। বিষয়টি তিনি অন্য সহকর্মীদের জানালে তারা সবাই মিলে মাটি সরিয়ে সেখানে বেশ কিছু গুলি দেখতে পান। পরে শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে। গণনা শেষে সেখানে মোট ৩৩৪টি গুলি পাওয়া যায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, শ্রমিকরা ড্রেন খননের সময় মাটির নিচ থেকে গুলিগুলো খুঁজে পাওয়ার পর পুলিশকে জানান এবং পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া গুলিগুলোর সময়কাল ও উৎস সম্পর্কে তিনি বলেন, এগুলো মহান মুক্তিযুদ্ধের সময়েরও হতে পারে, আবার ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হওয়া গুলিও হতে পারে। তবে পরীক্ষা-পরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ওসি আরও জানান, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা করে এগুলোর সঠিক সময়কাল ও উৎস নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। গুলিগুলো কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।