রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সীমান্ত সড়কে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সীমান্ত সড়ক হয়ে রাজস্থলী উপজেলায় যাচ্ছিলেন খিয়োমা তঞ্চঙ্গ্যা। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।