‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ত্রয়োদশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়। বিলের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট বিধান এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে বিল দুটি সংসদে পাসের জন্য চূড়ান্ত করা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।