সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়ালো ৯৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন, যার সংখ্যা ৪৬ জন। এছাড়া খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৫৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।