গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া রোববার (৩০ আগস্ট) সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে নতুন করে ৩৬৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২১৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যা নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।