ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর দুটি ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ৩১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠনমূলক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও, শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাগুলোও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছে। বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে শত্রুর যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে এবং প্রতিটি আগ্রাসনের ভয়াবহ জবাব দেওয়া হবে।
এর আগে গত ৩০ আগস্ট, রোববার ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লাঞ্চার লক্ষ্য করে বোমা হামলা চালায় আমেরিকা। একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে জানান, লারাক দ্বীপে মাইনবাহী দুটি মার্কিন জাহাজের ওপর হামলার প্রস্তুতি নেওয়ার সময় ওই রকেট লাঞ্চারগুলোর ওপর বোমাবর্ষণ করা হয়। ওই কর্মকর্তা আরও জানান, আমেরিকান বাহিনী বর্তমানে এলাকাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার তথ্যমতে, লারাক দ্বীপে রোববারের ওই মার্কিন হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন। এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে এবং দায়ীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় আইআরজিসি।
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৬: ০৩আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬: ১৮