পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দীর্ঘ সময়ের জন্য ঢাকা ছাড়ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের লক্ষ্যে প্রায় ৫২ দিনের জন্য তিনি নিউইয়র্ক সফর করবেন। সরকারের পক্ষ থেকে তাঁর এই দীর্ঘ সফরের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বমঞ্চে এই গৌরবময় দায়িত্ব পালন শেষে আগামী ২২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ থেকে জারি করা এক সরকারি আদেশে এই সফরের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে কোনো ছুটিতে যাচ্ছেন না। মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের অংশ হিসেবেই তাঁকে নিউইয়র্কে দীর্ঘ সময় অবস্থানের এই অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট বা এর কাছাকাছি কোনো সময়ে তিনি ঢাকা ত্যাগ করবেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। তবে অধিবেশন শুরুর আগেই ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নতুন দায়িত্ব গ্রহণ এবং এর প্রয়োজনীয় প্রস্তুতির কারণেই অধিবেশন শুরুর আগেই তাঁকে নিউইয়র্কে পৌঁছাতে হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে গত জুনে জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ড. খলিলুর রহমান। গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করেন। নির্বাচনে কাস্ট হওয়া মোট ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের প্রার্থী ড. খলিল পান ৯৯ ভোট এবং কাকৌরিস পান ৯১ ভোট। মাত্র আট ভোটের ব্যবধানে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জয়লাভ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে জাতিসংঘে এক মতবিনিময় সভায় ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচিত হলে তিনি সবার জন্য এবং পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজয়ের পরও তিনি বহুপক্ষীয় ব্যবস্থায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এবারের জাতিসংঘ অধিবেশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ড. খলিলুর রহমানের হাত ধরে দীর্ঘ প্রায় চার দশক পর বাংলাদেশ আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসন অলঙ্কৃত করতে যাচ্ছে। এর আগে ১৯৮৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনিও পররাষ্ট্রমন্ত্রী পদে থাকাকালীন এই দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, জাতিসংঘে বাংলাদেশের এই অনন্য অর্জনের মুহূর্তে এবারের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই সাধারণ বিতর্ক শুরু হতে যাচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়ে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই অধিবেশনে যোগ দিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। এই সফরে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।