হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের লারাক দ্বীপে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন কর্মকর্তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক মাসেরও বেশি সময় পর ইরানি ভূখণ্ডে এটিই প্রথম কোনো মার্কিন হামলার ঘটনা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই হামলায় কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি। হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র একটি ‘কৌশলগত ও মারাত্মক’ ভুল করেছে। এর জন্য তাদের অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চড়া মূল্য দিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় ওই দ্বীপে হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনী দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার বা উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করে।
বিশ্বজুড়ে নৌ-পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিটি বর্তমানে আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রে রয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে ওই জলপথের আন্তর্জাতিক নৌ-পরিবহন রুটগুলো থেকে সামুদ্রিক মাইন সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করেছে। এছাড়া গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নতুন করে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজ বা নৌযানকে তাৎক্ষণিকভাবে এবং পরিকল্পনা অনুযায়ী ধ্বংস করা হবে।