সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাজের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট এ সময় বিজিবিকে চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সাক্ষাতকালে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়ানোর লক্ষ্যে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সম্পর্কে প্রেসিডেন্টকে বিস্তারিত অবহিত করেন।
সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি যুক্ত করার বিজিবির উদ্যোগের প্রশংসা করে প্রেসিডেন্ট বাহিনীটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সীমান্তে মাদক ও মানবপাচার রোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। এসময় প্রেসিডেন্টের সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।