বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে হাওরাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ এবং জীবিকা বিষয়ক ২২টি গবেষণা প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফাইনাল রিভিউ ওয়ার্কশপ অব সিটি ব্যাংকস এগ্রিকালচারাল রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইন দ্য অ্যাগ্রো-ইকোলজিক্যাল রিজিয়ন অব বাংলাদেশ’ শীর্ষক এই সমাপনী কর্মশালাটি আয়োজন করা হয়। সিটি ব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটিতে মোট চার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
তিন বছর মেয়াদি এসব গবেষণায় জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন, ফসল বহুমুখীকরণ, রোগ-পোকা ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষকের আয় বৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল। প্রকল্পের আওতায় হাওরবেষ্টিত সাত জেলায় পরিচালিত ২২টি উপ-প্রকল্পের মাধ্যমে সরাসরি ৯০৪ জন কৃষক উপকৃত হয়েছেন। এই গবেষণায় বাকৃবির ২২ জন প্রধান গবেষকসহ মোট ৮১ জন গবেষক, ৩৬ জন স্নাতকোত্তর শিক্ষার্থী ও চারজন পিএইচডি ফেলো যুক্ত ছিলেন।
কর্মশালায় বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞার সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মো. মনোয়ার করিম খান এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন উপস্থিত ছিলেন। বাউরেসের সাবেক সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁঞা স্বাগত বক্তব্য রাখেন।
প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। তিনি জানান, গবেষণার ফলাফলের ভিত্তিতে নয়টি ইমপ্যাক্ট জার্নালে ৪৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। মাঠপর্যায়ে তথ্য পৌঁছে দিতে ২১টি কর্মশালা ও ১৩টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয় এবং বিভিন্ন কার্যক্রমে ১২৪টি স্বল্পমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া গবেষণার ফলাফল ও প্রশিক্ষণসামগ্রী সংরক্ষণে একটি ডিজিটাল জ্ঞানভাণ্ডার গড়ে তোলা হয়েছে। অধ্যাপক ড. হাম্মাদুর রহমান আরও উল্লেখ করেন যে, সিটি ব্যাংকের সিএসআর বিনিয়োগের মাধ্যমে কৃষি গবেষণার পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং কৃষকের সক্ষমতা বৃদ্ধির কাজ হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া হাওরাঞ্চলের কৃষির উন্নয়নে সিটি ব্যাংকের এই বড় ধরনের অর্থায়নের প্রশংসা করেন। তিনি গবেষকদের গবেষণার ফলাফল জনসাধারণের জন্য সহজভাবে পত্রিকায় তুলে ধরার আহ্বান জানান। দিনব্যাপী এই কর্মশালায় গবেষকরা তাদের ফলাফল উপস্থাপন করেন এবং শেষে তাদের মধ্যে স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।