জাতীয় কবি স্মরণে বরুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লার বরুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়।
সোমবার (৩১ আগস্ট / ১৬ ভাদ্র) বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসাদুজ্জামান রনির সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা। এছাড়াও সুশীল সমাজ ও রাজনীতিকদের পক্ষ থেকে বরুড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের চেতনার প্রতীক। তাঁর সাম্য, দ্রোহ ও প্রেমের কবিতা এবং গান শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে অসামান্য ভূমিকা রাখে। অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে।”
উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, নজরুল গীতিসহ নানা ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।