ইরান দাবি করেছে যে, সোমবার জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে এবং এতে ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যদিও তারা ক্ষেপণাস্ত্রগুলোর উৎস সম্পর্কে কিছু জানায়নি।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ছয় মাসব্যাপী সংঘাতের প্রেক্ষাপটে। এর আগে রোববার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, হরমুজ প্রণালীর একটি ছোট দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় তারা সীমিত ও নির্ভুল অভিযান চালিয়েছে। রোববারের এই হামলার আগে ইরানের ভূখণ্ডে সর্বশেষ মার্কিন হামলা হয়েছিল ২৯ জুলাই। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ওই হামলা চালানো হয়েছিল ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর ইরানের আকস্মিক হামলার চেষ্টা’ প্রতিহত করতে। এর আগে জুলাইয়ের শুরুতে টানা ১৩ রাত ইরানে হামলা চালিয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের রেভল্যুশনারি গার্ডের মাইন পাতা ইউনিটগুলো হরমুজ প্রণালীতে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করায় এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডের দাবি, মার্কিন হামলায় তাদের কয়েকজন সদস্য হতাহত হয়েছে। তাদের ভাষ্যমতে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকাশপথে চালানো আগ্রাসনের জবাব হিসেবেই করা হয়েছে। গত কয়েক সপ্তাহে দুই পক্ষের মধ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা স্তিমিত হয়ে আসলেও এই নতুন ঘটনায় উত্তেজনা আবার বৃদ্ধি পেয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে পাকিস্তান ও কাতারসহ বেশ কয়েকটি দেশ কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলমান এই সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্তমানে সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক চাপের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রেও এই যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। সিনেটর জ্যাক রিড শুক্রবার এক বিবৃতিতে সমালোচনা করে বলেন, যুদ্ধের ছয় মাস পরও কোনো লক্ষ্য অর্জিত হয়নি এবং এটি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করেছে।