সদ্য সমাপ্ত আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয়ের বা রেমিট্যান্সের জোয়ার এসেছে। এই সময়ে প্রবাসীরা মোট ২৮৩ কোটি (২ দশমিক ৮৩ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ করা এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।
তবে রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারার মধ্যেও চলতি আগস্টের প্রথম ২৯ দিনে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় দেশে আসেনি। শূন্য রেমিট্যান্স আসা এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) এবং বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
এছাড়া বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের চারটি ব্যাংক—ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও কোনো রেমিট্যান্স আসেনি।