দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।
সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে চলতি বছর সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এছাড়া এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জন। এর আগে রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এবং ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৯৭ জন।