বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজার এলাকার একটি বসতবাড়ি থেকে প্রাণঘাতী বিষধর বড় কৃষ্ণকালাচ সাপ উদ্ধার করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার রাতে সাপটি ওই বাড়িতে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি জানালে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি) সাপটি উদ্ধার করে।

সংগঠনটির হটলাইন নম্বরে খবর পাওয়ার পর এএলপির তথ্য ও প্রচার সম্পাদক কাওসার ওরফে হৃদয় ঘটনাস্থলে যান। সেখানে তল্লাশি চালিয়ে তিনি সাপটি উদ্ধার করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বরগুনা জেলায় বড় কৃষ্ণকালাচ উদ্ধারের এটিই প্রথম রেকর্ড। বরিশাল বিভাগেও এই প্রজাতির সাপের উপস্থিতি বিরল। এর আগে পিরোজপুরে এই সাপ পাওয়ার রেকর্ড রয়েছে বলে তারা জানায়।

এএলপির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন, বড় কৃষ্ণকালাচ অত্যন্ত বিষধর ও নিশাচর প্রকৃতির সাপ। সাধারণত রাতে খাবারের সন্ধানে বের হওয়া এই সাপটি ছোট সাপ শিকার করে থাকে। উদ্ধারকৃত সাপটিকে ১ সেপ্টেম্বর মঙ্গলবার টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

আসাদুল্লাহ হাসান মুসা আরও বলেন, সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা করা উচিত নয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি বন্যপ্রাণীর ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ২০১৯ সাল থেকে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণী উদ্ধার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।