চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিকতর উৎসাহিত করা এবং তাদের মেধা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন ও তার মিডিয়া সেলের পক্ষ থেকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার বিষয়ে চিন্তা করছেন।
একই সভায় মন্ত্রী আরও জানান, সারাদেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য প্রতিটি ক্লাসে মেয়েদের জন্য ‘পিংকি মোটরসাইকেল’ উপহার দেওয়ার পরিকল্পনাও প্রধানমন্ত্রীর রয়েছে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সব বোর্ড মিলিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা আলাদাভাবে প্রকাশ করা হয়নি।