২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার ১ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। এছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং এ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার মূল সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার ৩১ আগস্ট সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে।