চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় বৈদ্যুতিক গোলযোগের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক ফারুক ঢালী ও জুয়েল ঢালী।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর পাওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দ্রুত তৎপরতা চালিয়ে তারা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে, তবে ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপে প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার এই উদ্ধার অভিযানে অংশ নেন।