এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত ১০৭ জনের মধ্যে ৫৯ জন নারী, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১ শতাংশ। এছাড়া পুরুষের সংখ্যা ৪৮ জন বা মোট মৃত্যুর ৪৪ দশমিক ৯ শতাংশ।
দেশের বিভিন্ন অঞ্চলে মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে চারজন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
সংক্রমণের এই সময়ে নতুন করে আরও এক হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৭৪০ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন।