বিশ্বের প্রতিরক্ষা শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। ডিফেন্স নিউজের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০টি প্রতিরক্ষা কোম্পানির মধ্যে ৪৯টিই যুক্তরাষ্ট্রের, যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। তালিকার শীর্ষ চারটি অবস্থানেই রয়েছে মার্কিন কোম্পানিগুলো। এর মধ্যে লকহিড মার্টিন প্রথম, আরটিএক্স দ্বিতীয়, জেনারেল ডায়নামিক্স তৃতীয় এবং নর্থরপ গ্রুম্যান চতুর্থ অবস্থানে রয়েছে।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের বিএই সিস্টেম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং। সপ্তম স্থানে উঠে এসেছে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না (এভিআইসি)। শীর্ষ দশের বাকি কোম্পানিগুলোর মধ্যে এলথ্রি হ্যারিস টেকনোলজিস অষ্টম, ইতালির লিওনার্দো নবম এবং এয়ারবাস দশম স্থানে অবস্থান করছে।

যুক্তরাজ্যের মোট ৬টি এবং চীন, ফ্রান্স ও তুরস্কের ৫টি করে প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পেয়েছে। এছাড়া জার্মানি ও দক্ষিণ কোরিয়ার ৪টি করে, ইসরায়েলের ৩টি এবং ইতালি, ভারত ও নরওয়ের ২টি করে কোম্পানি রয়েছে। তালিকার অন্যান্য দেশের মধ্যে নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, সৌদি আরব ও লুক্সেমবার্গ উল্লেখযোগ্য।

তুরস্কের পাঁচটি কোম্পানি হলো আসেলসান (৪০তম), তুর্কিশ অ্যারোস্পেস (৪৮তম), আরকা ডিফেন্স (৫৩তম), রোকেটসান (৬৪তম) এবং এমকেই (৮১তম)। এই তালিকা বিশ্ব প্রতিরক্ষা শিল্পে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাবের পাশাপাশি তুরস্ক, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর প্রতিরক্ষা খাতে দ্রুত উত্থানকেও স্পষ্টভাবে তুলে ধরছে।