সরকার চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব পদায়ন করেছে। এই রদবদলের অংশ হিসেবে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সাতটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একইসাথে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) পদে বদলি করা হয়েছে। তার স্থলে স্বাস্থ্য সেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহানকে অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে তার অবসর কার্যকর হবে এবং তাকে এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।