ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
গঠিত কমিটিগুলোর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন সংসদ সদস্য। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বেগম সেলিমা রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন হুইপ রকিবুল ইসলাম বকুল।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সেলিম ভুইয়া, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য কলিম উদ্দিন আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমান উল্লাহ আমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন হুইপ জিকে গউছ। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের জন্য নাসের রহমান এবং ধর্ম মন্ত্রণালয়ের জন্য রফিকুল ইসলাম জামালকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।