ফেনীর দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১০। বুধবার বিকেলে পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এই সংঘর্ষে দুই সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকেলে আতাতুর্ক স্কুল মিলনায়তনে আলোচনা সভা শেষে আকবর হোসেনের অনুসারীরা বের হওয়ার সময় ফটিকের গ্রুপের কর্মীরা তাদের ধাওয়া দেয় এবং পানির বোতল ছুড়ে মারে। এর জবাবে অপর পক্ষ থেকে জুতা নিক্ষেপ করা হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।

এই সংঘর্ষে সাখাওয়াত হোসেন টিপু ও ফখরুল ইসলাম নামে দুই সংবাদকর্মীসহ আকবর গ্রুপের ৩৫-৪০ জন এবং ফটিক গ্রুপের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ফটিক গ্রুপের নেতা জামশেদুর রহমান ফটিক অভিযোগ করেন, র‍্যালি নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলার মুখে তার কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। এতে তার পক্ষের নাইমুর রহমান, রিয়াজ, হুমায়ুন আহমদ, রাব্বি ও রায়হানসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন, যার মধ্যে রাব্বি বর্তমানে চিকিৎসাধীন।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন দাবি করেছেন, সভা শেষে বের হওয়ার সময় বহিষ্কৃত নেতা ফটিকের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে তার স্ত্রী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন আকবর, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল সুজন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজাম হায়দার ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এম সাইফুল ইসলাম দুলালসহ ৩৫-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, সংঘর্ষের আশঙ্কায় আগে থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এরপরও উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন।