ভোলার দৌলতখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া একটি পিস্তলসহ মো. নাহিদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে এবং তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে পিস্তল থাকার গোপন সংবাদ পাওয়ার পর পুলিশ তার বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে ওই ঘর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এসআই রাকিব আরও জানান, উদ্ধার করা অস্ত্রটি চায়না টাইপ-৫৪ পিস্তল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র।

পুলিশ জানিয়েছে, অস্ত্রটির নম্বর যাচাইয়ের জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে অস্ত্রটি কোন বাহিনীর কাছ থেকে লুট হয়েছিল। এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।