গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সাংবাদিকদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েও ফ্যাসিস্টরা শেষ রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, মহান আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও রক্ষা পান না, যেমনটি ফ্যাসিস্টদের ক্ষেত্রে ঘটেছে।

০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৪: ১১ মিনিটে প্রাপ্ত সংবাদ অনুযায়ী, বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে অনেক সাংবাদিকের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অনেক গণমাধ্যম কেড়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত ফ্যাসিস্টরা রক্ষা পায়নি।

সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা সবসময়ই উন্মুক্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, কাউকে জোর বা চাপ প্রয়োগ করে ভালো বানানো যায় না, ভালো হতে হয় নিজের তাগিদ থেকেই। এ সময় সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের কল্যাণে আসা সরকারি বরাদ্দগুলো সঠিকভাবে বণ্টন হচ্ছে কি না এবং তা টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সেদিকে নজর রাখতে সাংবাদিকদের অনুরোধ করেন। তবে কলমের লেখনীর মাধ্যমে যেন অযথা কারও সম্মানহানি না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, মাদককে একযোগে নির্মূল করতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে কাজ করতে হবে। অন্যথায় আগামী প্রজন্মকে রক্ষা করা যাবে না।

নিজের পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, "আমি আপনাদের সন্তান হিসেবেই বড় হয়েছি। আপনারা নিজেই বলেন, আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তাঁরই সন্তান। ভোলার সামগ্রিক উন্নয়নে আমি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। আমার কাছে কোনো দল-মত নেই; আমি সবার, আর সবাই আমার।" তিনি আরও জানান, ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং রাস্তাঘাটের উন্নয়নসহ সবকিছুই নিয়মতান্ত্রিক উপায়ে সম্পন্ন করা হবে।

ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। মতবিনিময় সভায় আরও শুভেচ্ছা জানান ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন রবিন, সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজি। এ সময় ভোলার স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।