রাজধানীর সার্কিট হাউস রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই ছিলেন বলে ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫ নিবন্ধন নম্বরের গাড়িটি ওই সময় সার্কিট হাউস রোড দিয়ে উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে গাড়িটিকে থামিয়ে দেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন হওয়ায় গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, ঠিক সেই সময়েই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।