ইরানের স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জানিয়েছে, দুই রাত আগে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় দেশটির তিন সামরিক পাইলট নিহত হয়েছেন। প্রতিবেদনে নিহতদের পরিচয় হিসেবে ইরানি নৌবাহিনীর পাইলট মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং ইরানি বিমানবাহিনীর পাইলট হোসেইন মাহদাভিয়ানের নাম উল্লেখ করা হয়েছে।
তবে এই হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছিল, এতে কোন ধরনের উড়োজাহাজ জড়িত ছিল কিংবা ঠিক কোন পরিস্থিতিতে ওই তিন পাইলট নিহত হয়েছেন—এসব বিষয়ে প্রতিবেদনে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
এর আগে ইরান জানিয়েছিল যে, গত মঙ্গলবার দেশজুড়ে চালানো মার্কিন বাহিনীর হামলায় বেসামরিক ব্যক্তিসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদিকে, মার্কিন হামলার জবাবে বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।