রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানাধীন ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। ডিবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মাসুদ রানা র‍্যাবের সৈনিক হিসেবে কর্মরত এবং তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে দায়িত্ব পালন করছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি কর্তৃক মাসুদ রানাকে গ্রেপ্তারের পরপরই তাকে র‍্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার অনুসন্ধানে র‍্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে জানান, বনানী থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তারা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তাদের পূর্বের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।