রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল নানাভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির জন্য উসকানি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, আমাদের সবার গর্বিত পরিচয় আমরা সবাই বাংলাদেশি। নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান এবং নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার।

বর্তমান সরকার ও বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সমান। অনুষ্ঠান চলাকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে সরাসরি সম্মানী তুলে দেন এবং সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা প্রদানের ব্যবস্থা করেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন। পরে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতা তুলে দেন তিনি। একইসঙ্গে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।