দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে অধিকতর সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। তিনি বর্তমান সরকারের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা দায়েরের মতো ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন।
এছাড়া রাষ্ট্রপতি সাইবার অপরাধ, অপতথ্য ও গুজব প্রচার, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার দমনে পুলিশ প্রধানকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।
আইজিপি মো. আলী হোসেন ফকির এসময় পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।