বৃটেনের এক জিম শিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সী নিজের ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির আদালতে এই মামলার বিচার চলাকালে প্রসিকিউটররা এই অভিযোগ উত্থাপন করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের নাম ব্রনওয়েন জেমস, যার বয়স ৩০ বছর।
প্রসিকিউটরদের দাবি, উইল্টশায়ারের এই শিক্ষিকা সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে কর্মরত থাকাকালীন ওই কিশোরের সঙ্গে প্রথমে একটি ফ্লার্টপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে স্ন্যাপচ্যাটের মাধ্যমে গোপনে যোগাযোগ করে তিনি ছাত্রটির সঙ্গে দেখা করা এবং যৌনসম্পর্কের ব্যবস্থা করতেন। প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) আইনজীবীদের ভাষ্যমতে, জেমস ওই কিশোরের সঙ্গে একটি যৌন আবহপূর্ণ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং তাকে 'মিস' বলে সম্বোধন করতেন। এমনকি তিনি কিশোরটিকে ভালোবাসার কথা জানিয়ে একসঙ্গে দূরে কোথাও চলে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।
আদালতে প্রসিকিউটর এডওয়ার্ড কালভার জানান, জেমস শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিতেন, যা ব্যবহার করে ছাত্রটি তার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের খোঁজ নেয়। শুরুতে জেমস সংযোগ প্রদানে অস্বীকৃতি জানালেও পরে তিনি নিজেই ছাত্রটিকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন। এরপর তাদের মধ্যে বার্তা আদান-প্রদান শুরু হয় এবং তা দ্রুতই ফ্লার্টপূর্ণ হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, তারা ওয়েস্টন শোরে দেখা করে গাড়ির ভেতর চুম্বন করেন। উইম্বলডন টেনিস প্রতিযোগিতা চলাকালীন জেমসের বাড়িতে তারা খেলা দেখার সময় ঘনিষ্ঠ হন এবং একপর্যায়ে সুরক্ষাবিহীন যৌনসম্পর্কে জড়ান। ভুক্তভোগী কিশোর জানায়, সে প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও পরবর্তীতে বুঝতে পারে যে জেমস তাকে যৌন সম্পর্কের জন্য গ্রুমিং করছিলেন। তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে এ বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেছেন।