ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
বনানী থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। শুক্রবার সকাল পৌনে ১০টা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি। এসআই নজরুল ইসলাম জানান, তারা বিষয়টি নিয়ে কাজ করছেন এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিহত ব্যক্তি আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী। তার পরনে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। এছাড়া তার মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।
পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকা নিরাপত্তা ক্যামেরার আওতাধীন থাকা সত্ত্বেও সেখানে কীভাবে মরদেহটি এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি বা গোষ্ঠী মরদেহটি এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
আনুমানিক ৩৫-৪০ বছর বয়সের ওই ব্যক্তির পরনে রয়েছে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি। আর মুখে স্কচটেপ মারা।