পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন দাবি করেছেন যে, দেশটির সামরিক এস্টাবলিশমেন্ট ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মধ্যে বর্তমানে এক ‘নীরব লড়াই’ চলছে। এক ভিডিও বার্তায় তিনি এই পরিস্থিতিকে পাকিস্তানের ইতিহাসের ‘সবচেয়ে বিপজ্জনক পর্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন। আলতাফ হোসেনের মতে, দেশের বর্তমান পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষ এখনো পুরোপুরি অবগত নন।
তিনি দাবি করেন, বর্তমান এই উত্তেজনার সঙ্গে প্রস্তাবিত ২৮তম সাংবিধানিক সংশোধনী নিয়ে চলমান আলোচনার গভীর যোগসূত্র রয়েছে। তার ভাষ্যমতে, এই সংশোধনীতে নতুন প্রদেশ গঠনের বিধান অন্তর্ভুক্ত থাকতে পারে। নতুন প্রদেশ গঠনের ইস্যুটিকে কখনোই হালকাভাবে নেয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। আলতাফ হোসেনের মতে, এই ধরনের সাংবিধানিক পরিবর্তন দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে আরও বিস্তৃত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের সম্ভাবনা এবং এ ধরনের সাংবিধানিক পরিবর্তনের রাজনৈতিক প্রভাব নিয়ে যখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে, ঠিক সেই সময়েই তিনি এই সতর্কবার্তা দিলেন।