প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩০

দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালন ও নিজ নিজ আচার অনুষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি ধর্ম-বর্ণের বিভেদ ভুলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দেশে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হওয়া নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, অতীতে যারা সংখ্যায় বা জাতিগতভাবে কম ছিলেন, তাদের ওপর নানা সময়ে অত্যাচার চালানো হয়েছে। কিন্তু সেসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময়ই নীরব ভূমিকা পালন করেছে।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই আমরা দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানিয়ে আসছি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার যে আন্দোলন, তা আমরা এখনও চালিয়ে যাচ্ছি।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।