নাটোরের নলডাঙ্গা থেকে বাগমারার তাহেরপুর পর্যন্ত বিস্তৃত বারনই নদীতে হঠাৎ করেই বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে শুরু করেছে। পুঁটি ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে ওঠার এই ঘটনায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে মাছ ভেসে ওঠার বিষয়টি লক্ষ্য করেন।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ নদীতে নেমে মাছ শিকার শুরু করেন। এ সময় অনেকে জালসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরেন। তবে মাছের এমন অস্বাভাবিক আচরণের কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ নদীর পানিতে বিষ প্রয়োগের আশঙ্কা করছেন, আবার অনেকের ধারণা পানিতে গ্যাসের সৃষ্টি হওয়ার কারণে মাছগুলো স্বাভাবিকভাবে থাকতে পারছে না। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার বিষয়ে পোস্ট করেছেন।

স্থানীয় বাসিন্দা সন্তেষ কুমার এবং বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী এই ঘটনার কারণ ও মাছের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, মাছ ধরতে গিয়ে কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সে বিষয়েও সচেতন মহল সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের মতে, ঘটনার প্রকৃত কারণ জানতে দ্রুত নদীর পানি ও মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।