পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর চালানো ধারাবাহিক অভিযানে ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ডনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে, মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়। পাক সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠী এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাকিস্তান সরকার টিটিপিকে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এবং বেলুচিস্তানের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করে থাকে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইএসপিআর জানায়, শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাস্তুং জেলায় চালানো অভিযানে ছয়জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে। এছাড়া কোয়েটা জেলার শাবান এলাকায় চারটি ‘সন্ত্রাসী’ আস্তানা শনাক্ত করে চালানো অভিযানে ২৬ জন নিহত হয়েছে।

কালাত জেলায় আরও একটি আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, সিবি জেলার ভাগ এলাকায় একটি স্থানীয় পুলিশ স্টেশনে হামলার চেষ্টা প্রতিহত করার সময় দুজন নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। দীর্ঘ সময় ধরে বেলুচিস্তানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলছে। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জঙ্গি তৎপরতার কারণে প্রদেশটিতে নিয়মিতভাবে হতাহতের ঘটনা ঘটছে।