গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনিসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। ডা. শফিকুর রহমানের বক্তব্যের পরপরই চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বিশাল বহর রওনা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী লং মার্চের পথে বেশ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিকটবর্তী ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাই। সবশেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে এই লং মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।