তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ এমন মন্তব্যের পর দেশজুড়ে আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। একই আদেশে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। অফিস আদেশের নির্দেশনা অনুযায়ী, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একই পদে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা।

প্রশাসনিক প্রয়োজনে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে পরিদর্শনের সময় তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্য করেছিলেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাসুদ আলমকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। সম্প্রতি প্রশাসনিক বদলির খবর প্রকাশের পর পুরোনো সেই মন্তব্যটি আবারও বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।