দেশের বিদ্যমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে স্বৈরাচারের আমলে কিছু রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করে তাদের আড়ালে লুকিয়ে ছিল, যা পরবর্তীতে তারাই স্বীকার করেছে। তিনি প্রশ্ন রাখেন, বর্তমানে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের আড়ালে সেই পুরনো শক্তিগুলো লুকিয়ে থেকে নতুন করে অরাজকতা উসকে দিতে চাইছে কি না। তিনি আরও বলেন, স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করার পরও তারা এই বিভ্রান্তির সুযোগ নিচ্ছে।

সরকার যে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে, তা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার আমল বা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাগুলো আমরা সমাধান করছি। সমস্যা আছে, কিন্তু এই সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ও অরাজকতা তৈরি করা হচ্ছে।

তারেক রহমান স্পষ্টভাবে বলেন, জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সরকার গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে দেশের আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণ করা হবে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে তিনি সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।